
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী।
সংগঠন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান এবং প্রক্টর মো. রাশেদ খান মিলন। এছাড়া পোর্ট সিটি কালচারাল ফোরামের এডভাইসর সানজিদা ওয়াদুদ উপমা এবং ফোরামের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার আশরাফুল ইসলাম সুমন, জেরিন আক্তার ও সায়মা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান, নিষ্ঠা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ পোর্ট সিটি কালচারাল ফোরামের প্রাক্তন সদস্যদের হাতে 'সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন' তুলে দেওয়া হয়।
প্রথম এক্সিকিউটিভ কমিটির সভাপতি রাজু চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি পৌষি দেসহ কমিটির অন্যান্য প্রাক্তন ও বর্তমান সদস্যরা। বক্তারা বলেন, একটি সংগঠনের বর্তমান অবস্থানের পেছনে এর প্রাক্তন সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শ্রম, মেধা ও সৃজনশীলতায় গড়ে ওঠা ঐতিহ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
“Once a member, always a part of our family”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন সদস্যদের সম্মান জানানো, বর্তমান সদস্যদের সঙ্গে তাদের সম্পর্ক সুদৃঢ় করা এবং ফোরামের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে স্মৃতিচারণ, মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে "লিগ্যাসি এপ্রিসিয়েশন সিরেমনি - ২০২৬"-এর সমাপ্তি ঘটে।