নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদনের পর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) হওয়ার দৌড় থেকে ছিটকে পড়েছেন সংস্থাটির সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী। তবে শীর্ষ এই পদে আসীন হওয়ার স্বপ্ন নস্যাৎ হলেও থেমে নেই তাঁর তৎপরতা। অভিযোগ উঠেছে, বর্তমান মহাপরিচালক আফজাল হোসেন ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।
৩৫৮ কোটি টাকার দুর্নীতি ও দুদকের চার্জশিট দুদক ও রেলওয়ে সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে ট্রেনের ১২৫টি লাগেজ ভ্যান ক্রয়ে ভুয়া দরপত্র ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতির অভিযোগে মামলা দায়ের করে দুদক। ওই মামলার এজাহারে রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার তালিকায় ১ নম্বর আসামি হিসেবে আহমেদ মাহবুব চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগ অনুযায়ী, প্রকল্পটি গ্রহণের সময় তিনি রেলওয়ের অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সম্ভাব্যতা যাচাই-সংক্রান্ত প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের আগস্টে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার প্রতিবেদনে ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে সরকারি অর্থ ক্ষতির প্রাথমিক সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে কমিশন তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের চূড়ান্ত অনুমোদন দেয়।
ডিজি পদ পেতে অপপ্রচার ও এআই অডিও বিতর্ক রেলওয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পূর্বে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে দায়িত্ব পালন করা আহমেদ মাহবুব চৌধুরী দুদকের মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে রেলওয়ের মহাপরিচালক হওয়ার জন্য নানা মহলে তদবির চালিয়ে আসছিলেন। চার্জশিট অনুমোদনের পর তাঁর সেই পথ বন্ধ হয়ে গেলে একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে বর্তমান ডিজি আফজাল হোসেন ও রেলসচিব ফাহিমুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়।
জানা গেছে, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের চাপে ফেলতে এবং তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু নামসর্বস্ব অনলাইন পোর্টালে ধারাবাহিকভাবে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজি আফজাল হোসেনের কণ্ঠ নকল করে একটি ভুয়া অডিও ক্লিপ তৈরি ও একটি পোর্টালে প্রচার করা হয়। বিষয়টি নজরে আসার পর ওই অনলাইন পোর্টালকে ইতোমধ্যে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন ডিজি আফজাল হোসেন।
রোলিং স্টকে অব্যবস্থাপনার পুরনো অভিযোগ কেবল লাগেজ ভ্যান প্রকল্পই নয়, আহমেদ মাহবুব চৌধুরী অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পদে থাকাকালীন রেলের বহরে ঘন ঘন ইঞ্জিন বিকল হওয়া, কোচের যান্ত্রিক ত্রুটি এবং ট্রেনের তীব্র শিডিউল বিপর্যয়ের পেছনেও তাঁর অদূরদর্শিতা ও গাফিলতিকে দায়ী করে আসছেন রেলের কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ।
রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজি ও সচিবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দুদকের চার্জশিটভুক্ত কোনো কর্মকর্তার মাধ্যমে রেলের শীর্ষ পদে আসার সুযোগ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।