সাঈদুল রহমান সাকিব : বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি দায়িত্বভার গ্রহণের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে গত ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে নৌসদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ (পিএসও) নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নৌসদর দপ্তরে এসে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ব্লু ওয়াটার নেভি গড়ার প্রত্যয়:
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
পাশাপাশি, নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন।