মো.ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে’ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের তথ্যমতে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বাসে তল্লাশি চালিয়ে মো. আবদুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সুধারাম উপজেলার পাক কিশোরগঞ্জ এলাকার সল্যা ঘটাইয়া গ্রামের বাসিন্দা।
পরে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।