
সাইদুল রহমান সাকিব : সরকারি প্রজ্ঞাপন ও নির্ধারিত দূরত্বের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় এবং চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ‘মেট্রো প্রভাতী’ বাস সার্ভিসের বিরুদ্ধে। ৪ কিলোমিটার দূরত্বের জন্য সরকার নির্ধারিত ৮০ পয়সা ভাড়া বাড়লেও বাস কর্তৃপক্ষ বাড়িয়ে দিয়েছে ৫ টাকা। ফলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পতেঙ্গার কাটগড় থেকে ফ্রি পোর্ট এলাকার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। নিয়মানুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা হারে এই দূরত্বের জন্য ভাড়া বাড়ার কথা মাত্র ৮০ পয়সা। অথচ পূর্বের ২০ টাকার ভাড়ার সাথে আরও ৫ টাকা যোগ করে বর্তমানে তা ২৫ টাকায় উন্নীত করা হয়েছে। একইভাবে কাটগড় থেকে ২ নম্বর গেইটের দূরত্ব ১৮ কিলোমিটার হওয়ায় ভাড়া ৩ টাকা ৬০ পয়সা বাড়ার কথা থাকলেও সেখানেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ৫ টাকা।
সিন্ডিকেট ও লোকালের চেয়েও নিম্নমানের সেবা
ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও যাত্রীদের লোকাল বাসের চেয়েও খারাপ সেবা দেওয়া হচ্ছে। ৪৫ আসনের এই বাসগুলো কাটগড় থেকে ছাড়ার সময়ই ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে পূর্ণ হয়ে যায়। ফলে পথিমধ্যে অন্য কাউন্টার থেকে যাত্রী ওঠানোর সময় বাসে তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
অতিরিক্ত ভাড়া দিয়ে স্বস্তিতে যাতায়াতের আশা করলেও যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বাসে উপচে পড়া ভিড় করে গাদাগাদি করে যাত্রী তোলা হলেও এর প্রতিবাদ করলে চালক ও তার সহযোগীরা যাত্রীদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে।
শামীমুর রহমান নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, মেট্রো প্রভাতির ডাকাতি ও অনিয়ম।।ছবি অনুযায়ী ফ্রি পোর্টের ভাড়া ২৫ টাকা।যা পূর্বে ছিলো ২০ টাকা। সরকার ভাড়া বড়ালো ১ কিলোমিটারে ২০ পয়সা। সে অনুযায়ী কাটগড়-ফ্রি পোর্ট হলো ৪ কিলোমিটার। সরকারী ছক অনুযায়ী ভাড়া বাড়লো ৮০ পয়সা…..কিন্তু মেট্রো প্রভাতী বাড়ালো ৫ টাকা। অর্থাৎ ৪.২০ টাকা অতিরিক্ত নিচ্ছে।
শুধু এখানেই শেষ নয়…. তারা শুধু অতিরিক্ত নয়…মাত্রাতিরিক্ত ভাড়া নেয়ার পরে গাড়ি সিন্ডিকেট করে লোকাল বাসের চেয়েও খারাপ সার্ভিস দেয়…..৪৫ সিটের গাড়ি কাটগড় থেকেই ২৫-৩০ সিট ফিলআপ করে ছাড়ে…সুতারাং সামনের কাউন্টারে গিয়ে গাড়ি পুরো জ্যাম হয়ে যায়………মানুষ ১০ টাকার ভাড়া ২৫ টাকা দিয়ে যায় শুধমাত্র একটু সস্তিতে যাওয়ার জন্য…..কিন্তু তারা লোকালের চেয়েও খারাপ সার্ভিস দেয় ও এর প্রতিবাদ করে তারা আবার যাত্রীর উপর চড়াও হয়ে যায়…….বাড়া বাড়িয়েও সস্ত্বির সার্ভিস দিলে মানা যেতো….কিন্তু তারা দেয় লোকাল সার্ভিস….উপচে পড়া ভিড় করে গাড়িতে যাত্রী নিচ্ছে।পতেঙ্গাতে কে এমন কেউ নেই…যে এই সিন্ডিকেট অনিয়ম ও জুলুমের লাগাম ধরবে???????
কাটগড়-ফ্রি পোর্ট ৪ কিলো….ভাড়া বাড়লো ৮০পয়সা……কিন্তু তারা বাড়ালো ৫ টাকা……
কাটগড়-২নং গেইট ১৮কিলো ভাড়া বাড়লো ৩.৬০টাকা।কিন্তু তারা বাড়ালো ৫টাকা।
স্থানীয় প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা
নৈমিত্তিক এই অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে পতেঙ্গাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন, পতেঙ্গায় এত রাজনৈতিক দল ও সংগঠনের উপস্থিতি থাকা সত্ত্বেও এই সিন্ডিকেট ও জনদুর্ভোগের বিরুদ্ধে কেউ কথা বলছে না কেন?
জনসাধারণের এই লাগামহীন দুর্ভোগ ও জুলুম থেকে মুক্তি পেতে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এই বিষয়ে ‘মেট্রো প্রভাতী’ বাস সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো দায়িত্বশীল বক্তব্য পাওয়া যায়নি। জনস্বার্থে এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
প্রতিনিধির নাম 





















