
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর আনুষ্ঠানিক খননকাজ শুরু করে। বুধবার সকাল থেকে কূপটির খননকাজ পুরোদমে চলতে দেখা গেছে।
বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ শেষ হওয়ার পর ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরিচালনা করা হবে। এই পরীক্ষা শেষে কূপে মজুদ থাকা গ্যাসের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, প্রায় ৪৫ দিনের মধ্যে খননকাজ শেষ হবে। এরপর ১৫ দিনের ডিএসটি টেস্টের মাধ্যমে গ্যাসের মজুদের পরিমাণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খনন করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কূপটির খনন ও পরীক্ষার ফল ইতিবাচক হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মো.ইসমাইল হোসেন,,নোয়াখালী প্রতিনিধি 
























