
সাঈদুল রহমান সাকিব : প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ শনিবার (২৫ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটিই তাঁর প্রথম সাক্ষাৎ।
এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীও নৌবাহিনীর উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষা, সুনীল অর্থনীতির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম করতে নৌবাহিনীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রগঠনে নৌবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকারের সময়ে নৌবাহিনীকে একটি আধুনিক, ত্রিমাত্রিক ও প্রযুক্তিনর্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন যে, প্রতিরক্ষা খাতে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির সফল বাস্তবায়নে দেশীয় প্রযুক্তির বিকাশ ও গবেষণা কার্যক্রমে নৌবাহিনী আরও বেশি গুরুত্ব দিচ্ছে। নিজস্ব শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ ও মেরামত কাজের পাশাপাশি ‘সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট’ এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাহিনী হিসেবে গড়ে ওঠার এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 





















