
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও জীবন্ত মুরগির বদলে তা ক্রেতাকে দেওয়ার চেষ্টার অভিযোগে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজার সংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স আলামিন পোল্ট্রি হাউস নামের দোকানে একটি মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এক নারী ক্রেতা তিনটি মুরগি কেনার পর সেগুলো ড্রেসিং করতে দিলে দোকানের কর্মীরা জীবন্ত মুরগির পরিবর্তে আগে থেকে সংরক্ষণ করে রাখা মরা মুরগিটি জবাই করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি জরুরী সেবা ৯৯৯ ফোন করলে বোয়ালমারী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে অবিহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় আদালতে উপস্থিত দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। সংশ্লিষ্টরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে আদালত এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ২৪(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক রবিউল মোল্যাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি দোকান সিলগালা করে দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হয়। দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 

















