
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়ির মৃত আক্তার হোসেনের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইফতেখার হোসেন রিয়াদ জানান, ঘটনার সময় পরিবারের সবাই শহরে অবস্থান করায় বসতঘরটি ফাঁকা ছিল। সেই সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পাশের ঘরে থাকা তাঁর চাচি ঘরের তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান।
তিনি আরও জানান,“নিজের ঘরকে এভাবে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে হবে, কখনো ভাবিনি। এটি শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তির ওপরও বড় আঘাত।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠানালায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কিছু বিদ্যুদের তাঁর চুরি হয়েছে। পরে সেগুলো ফেলে চলে যায়। স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি সঠিক নয়। থানায় তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 





















