স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের ওই সোফা কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করায় কারখানায় কর্মরত শ্রমিকেরা আটকা পড়েন। জীবিকার তাগিদে তারা ওই কারখানায় কাজ করতেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিহত ১০ জনের পরিচয় ইতোমধ্যে পাওয়া গেছে। তারা হলেন— উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল; বিশা এলাকার সাগর, মজিদুল; দুবাই এলাকার শুভ, সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রিয়জনদের হারিয়ে অনেক পরিবার এখনো তাদের মরদেহ ও চূড়ান্ত পরিচয়ের অপেক্ষায় বুকফাটে কান্নায় ভেঙে পড়েছেন। প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো আত্রাই জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।