
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত দুজনেরই বয়স আনুমানিক ১৫ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে চলাচলকারী রাজবাড়ীগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা দুই কিশোর গাছের ডালের আঘাতে ভারসাম্য হারিয়ে দুই বগির মাঝখানে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় কেটে ও থেঁতলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
অপর কিশোর গুরুতর আহত হলে ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
প্রতিনিধির নাম 


























