
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৯৭৪ পিস ইয়াবাসহ এক সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি মো. আবু ফয়সাল (৩০)। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাসিমপুর (মুন্সি গাজীর বাড়ি) এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
জানা গেছে, রোববার (৫ জুলাই) গভীর রাতে সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী চৌরাস্তা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পূর্ব পাশে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৭৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৯৭ গ্রাম), একটি মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলের ক্রমিক নং-১০(ক) এবং ২৬(১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় গ্রেপ্তার আবু ফয়সালের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি: 




















