
বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ২১তম এস্ট্রো অলিম্পিয়াড ২০২৬ এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। শুক্রবার (২৪ জুলাই) প্রিমিয়ার ইউনিভার্সিটির ওয়াসা শাখা বিবিএ ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিবেদিত এবং স্কাই ওয়াচার্স ক্লাবের সহযোগিতায় দিনব্যাপী এই আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়।
সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ড. অঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইফতেখার মনির, বিজ্ঞান লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী,বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তুষার,স্কাই ওয়াচার্স ক্লাবের প্রধান গৌতম পাল,এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সানজিদা আক্তার মনি,ইশতিহাদ হোসেন শিপন,মানস চৌধুরী জনি,মুরাদ হাসান।
বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, কৌতূহল, যৌক্তিক চিন্তা ও উদ্ভাবনী মনোভাব বিকাশে এস্ট্রো অলিম্পিয়াডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, এ ধরনের প্রতিযোগিতা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে মহাবিশ্ব সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে এবং আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ও গবেষক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগায়।
উদ্বোধনী আলোচনা শেষে জুনিয়র ও সিনিয়র—এই দুই বিভাগে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আয়োজকরা ফলাফল ঘোষণা করেন।
জুনিয়র ও সিনিয়র দুই বিভাগ মিলিয়ে মোট ২১ জন মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন। এরা জাতীয় পর্বে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। পরবর্তীতে জাতীয় পর্বের সেরা প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
স্কাই ওয়াচার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা জনপ্রিয় করা এবং মহাকাশ বিজ্ঞানকে সহজ ও আনন্দময় করে তোলা এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিজ্ঞানপ্রেমীদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরীক্ষা ও অলিম্পিয়াড শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনোদনের জন্য ক্যানভাস পাপেট ক্লাবের পরিবেশনায় **মনোমুগ্ধকর পাপেট শো** এবং কণ্ঠশিল্পী **আলমগীর কবিরের সংগীত পরিবেশনা** পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজকদের মতে, চট্টগ্রামে বিজ্ঞানচর্চা ও মহাকাশবিষয়ক শিক্ষার প্রসারে এই সফল আয়োজন এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
প্রতিনিধির নাম 





















